এগিয়েও থাইল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:২৫ পিএম

থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে এক নাটকীয় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয়ার্ধের মাত্র ১০ মিনিটে তিন গোল হজম করে জয়ের স্বপ্ন ভঙ্গ হয় আফঈদার দলের।

ম্যাচের শুরুতে দাপট দেখায় বাংলাদেশ। ৩৬ মিনিটে গোল করে ইতিহাস গড়েন সাগরিকা; এশিয়ান কাপের বয়সভিত্তিক মঞ্চে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে গোলের কীর্তি এটি। ১-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর ৪৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। তখন মনে হচ্ছিল, থাইল্যান্ডের মাটিতে এক ঐতিহাসিক জয় পেতে যাচ্ছে বাংলাদেশ।

তবে ম্যাচের চিত্রপট বদলে যায় ৬৯ মিনিটে। বক্সের ভেতর ফাউলের কারণে পেনাল্টি পায় থাইল্যান্ড। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান কুরিসারা। প্রথম গোল হজমের পর চাপে পড়া বাংলাদেশের মেয়েরা ৭৬ মিনিটে আবারও পেনাল্টি দেয়। এবার রিনায়াপাত গোল করে স্বাগতিকদের ২-২ সমতায় ফেরান।

সমতায় ফেরার তিন মিনিট পরেই অর্থাৎ ৭৯ মিনিটে পিচায়াতিদার গোলে ৩-২ ব্যবধানে লিড নেয় থাইল্যান্ড। ম্যাচের বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ। ফলে বড় লিড নিয়েও হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দুই প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম।

জেএইচআর