দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে ব্রাজিল। শুক্রবার প্যারাগুয়ের ভিলেতো শহরের একটি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এ জয়ের মাধ্যমে এক ম্যাচ বাকি থাকতেই তারা বিশ্বকাপে জায়গা করে নিলো।
এই হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। আর্জেন্টিনার পরের অবস্থানে আছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০)। আর্জেন্টিনা গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে তারা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ম্যাচটি হবে আগামীকাল রবিবার রাত ২টায়।
ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়ায় ফুটবলাররা। একপর্যায়ে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। যে কারণে বলিভিয়ার বিপক্ষে আলবিলেস্তেদের পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না।
আর্জেন্টিনাকে হারানোর পথে ব্রাজিলের হয়ে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও একটি গোল করেছেন। চলমান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা বি গ্রুপের সবার উপরে অবস্থান করছে। রোববার আর্জেন্টিনার সঙ্গে বলিভিয়া ও অপর ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্ব।
উল্লেখ্য, প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও সরাসরি জায়গা নিশ্চিত করবে বিশ্বকাপে। বাকি তিনটি টিকিট নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে প্লে-অফের মাধ্যমে।
এম জি