পিএসএলের ফাইনাল খেলতে পাকিস্তানের পথে নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:০৭ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে অংশ নিতে আবারও পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। এর আগে টুর্নামেন্ট চলাকালীন তিনি দেশে ফিরে এসেছিলেন, তবে শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বিশেষ ছাড়পত্র দিয়েছে।

চলতি মাসের ১৪ তারিখ পিএসএল শেষ করে দেশে ফেরেন নাহিদ। শুরুতে সিদ্ধান্ত ছিল, লিগের বাকি অংশে তাকে আর এনওসি দেওয়া হবে না। কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচের গুরুত্ব বিবেচনায় নিয়ে তার জন্য নতুন করে অনুমতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন এবং পেশোয়ার জালমির হয়ে ফাইনাল ম্যাচে মাঠে নামবেন। সবকিছু ঠিক থাকলে ৩ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা এই পেসারকে ফাইনালে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্তের পেছনে যুক্তিও দিয়েছে বিসিবি।

এদিকে, নাহিদ রানাকে ফাইনালে খেলতে ছাড় দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ার জালমির মালিক।

এম জি