মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ৬.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ৫০ রান হলেও বৃষ্টির কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে প্রথমবারের মতো এই সিরিজে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। জেইডেন লেনক্সের বলে বড় শট খেলতে গিয়ে সাইফের (১৬) বিদায়ে প্রথম উইকেট হারায় দল। এরপর দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারানোর মিছিলে যোগ দেন তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারী। নাথান স্মিথের বলে তানজিদ বোল্ড হওয়ার পর পরের বলেই শামীম গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন।
মাঝে অধিনায়ক লিটন দাস কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে রান তোলার চেষ্টা করলেও দলীয় ৩৫ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এ অবস্থায় ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা চলছিল, ঠিক তখনই বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচের পরবর্তী পরিস্থিতি এখন নির্ভর করছে আবহাওয়ার ওপর।
এএন