এমএলএসে অন্যদের চেয়ে কত বেশি বেতন পান মেসি

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:৩০ পিএম

মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ বেতন তালিকা অনুযায়ী, ইন্টার মায়ামি তারকার বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী সন হিউং-মিনের চেয়েও দ্বিগুণের বেশি।

গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করা মেসি ২০২৮ মৌসুম পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। সব মিলিয়ে তার নিশ্চিত আয় ২ কোটি ৮৩ লাখ ডলার।

গত আগস্টে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেওয়া সনের মূল বেতন ১ কোটি ৩৬ লাখ ডলার, আর মোট নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ১২ লাখ ডলার। তাকে দলে ভেড়াতে ক্লাবটি রেকর্ড ২ কোটি ৬০ লাখ ডলার ট্রান্সফার ফি খরচ করেছে।

তালিকার তৃতীয় স্থানে আছেন মেসির আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল, যার নিশ্চিত আয় ৯৭ লাখ ডলার। চতুর্থ স্থানে হিরভিং লোজানো, তার আয় ৯৩ লাখ ডলার। আর পঞ্চম স্থানে মিগুয়েল আলমিরন, যার নিশ্চিত পারিশ্রমিক ৭৯ লাখ ডলার।

৩৮ বছর বয়সী মেসি গত মৌসুমে ২৯ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হন এবং টানা দ্বিতীয়বারের মতো এমভিপি নির্বাচিত হন। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে তার গোল ৫৯টি।

সব মিলিয়ে এমএলএস খেলোয়াড়দের মোট পারিশ্রমিকের পরিমাণ ৬৩ কোটি ১০ লাখ ডলার।

এম জি