বিসিবি নির্বাচনের তোড়জোড়, গঠন হলো ৩ সদস্যের নির্বাচন কমিশন

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৩:১৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পর্ষদ গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 

বুধবার বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩ সদস্যের এই কমিশন আগামী নির্বাচনের সকল কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।

বিসিবির ঘোষিত এই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম এহসানুল মামুন।

বিসিবি জানিয়েছে, প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুসরণ করে এই কমিশন দ্রুততম সময়ের মধ্যে পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করবে। 

উল্লেখ্য, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে নির্বাচনে কারচুপি, অনিয়ম এবং বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই বোর্ড ভেঙে দেয়।

বর্তমানে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির মাধ্যমে বিসিবির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নতুন এই নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে বিসিবিতে একটি নির্বাচিত ও স্থায়ী পর্ষদ গঠনের পথ প্রশস্ত হলো।

জেএইচআর