২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। আসর ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের জন্য বাড়তি বিনোদনেরও পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের বিশ্বকাপ ফাইনালে জমকালো সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা।
ফিফা জানিয়েছে, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের বিরতিতে বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে পারফর্ম করবেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। তার সঙ্গে থাকবেন বিশ্বখ্যাত গায়িকা ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এবারের বিশ্বকাপ ফাইনালের বিরতির আয়োজন হবে স্মরণীয়। সংগীত, ফুটবল এবং মানবিক উদ্যোগকে একসঙ্গে যুক্ত করতেই এমন আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, এই বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের প্রধান সংগীতশিল্পী ক্রিস মার্টিন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরতির এই আয়োজন প্রায় ১১ মিনিট স্থায়ী হতে পারে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সুপার বোল ধাঁচের বড় কনসার্ট আয়োজন করছে ফিফা। যদিও বিরতির সময় বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে শাকিরার নতুন গান ‘ডাই ডাই’ নিয়েও চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে, গানটি ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল সংগীত হিসেবে ব্যবহার করা হবে। এতে অংশ নিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ও। সম্প্রতি প্রকাশিত গানের ঝলকে দেখা গেছে বিশ্বকাপের বিভিন্ন আসরের বল।
এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন শাকিরা। সেই ধারাবাহিকতায় আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন এই তারকা শিল্পী।
আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপের মূল পর্বে।