মিরপুর টেস্টে স্লো ওভার রেটের দায়ে বড় জরিমানা ও পয়েন্ট হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৪:১০ পিএম

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে হারের পর আরও একটি বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। স্লো ওভার রেটের (ধীরগতির ওভার) কারণে শান মাসুদের দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকেও কেটে নেওয়া হয়েছে মূল্যবান ৮ পয়েন্ট।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার কম বল করেছে পাকিস্তান। সময় নষ্টের সব দিক বিবেচনায় নেওয়ার পরও এই ঘাটতি থাকায় ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি বহাল করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী ৮ ওভার কম করায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির মোট ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে কেটে নেওয়া হয়। ফলে মিরপুর টেস্টের এই ভুলের কারণে পাকিস্তানের খাতা থেকে ৮ পয়েন্ট কাটা গেছে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ মাঠের আম্পায়ারদের আনা অভিযোগ মেনে নিয়ে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি গ্রহণ করেছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের এই অভিযোগ এনেছিলেন। 

উল্লেখ্য, মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল সিলেটে মাঠে নামবে দুই দল।

জেএইচআর