আড়াইশ ছুঁই ছুঁই লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১২:৪২ পিএম
৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন-মুশফিক। ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকরা বড় সংগ্রহের দিকে এগোচ্ছে।

তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খেলেও পরে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। দিনের শুরুতে ১৫৬ রানের লিড নিয়ে খেলতে নামে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে দিনের প্রথম দিকেই উইকেট হারায় দলটি। শান্ত ৪৬ বলে ১৫ রান করে এলবিডব্লিউ হন খুররম শাহজাদের বলে।

এরপর লিটন দাস ক্রিজে এসে মুশফিকের সঙ্গে জুটি গড়ে তোলেন। শুরুতে ধীরগতির হলেও মুশফিক পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেন, আর লিটন খেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে।

দুই অভিজ্ঞ ব্যাটারের জুটিতে স্কোরবোর্ডে গতি আসে। তারা অবিচ্ছিন্নভাবে ৮৮ রানের জুটি গড়ে দলকে বড় লিডের দিকে এগিয়ে নেন।

লাঞ্চ বিরতিতে বাংলাদেশ চার উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে। ফলে দলের মোট লিড দাঁড়িয়েছে প্রায় আড়াইশ রানের কাছাকাছি।

লিটন দাস অপরাজিত ৪৮ রানে এবং মুশফিকুর রহিম ৩৯ রানে ব্যাট করছেন। বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচে এখন শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

এএন