মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৩:৪১ পিএম

সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টেস্ট ক্রিকেটে এখনো দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শেষভাগে এসেও ব্যাট হাতে নির্ভরতার প্রতীক হয়ে আছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি।

তৃতীয় দিনের খেলায় ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৭৮ বল মোকাবিলা করে তিন অঙ্কে পৌঁছান মুশফিক। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১৪টি শতকের মালিক এখন তিনিই।

দিনের ৮৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩২৫ রান। এতে প্রতিপক্ষের বিপক্ষে দলের মোট লিড হয় ৩৭১ রান।

সেঞ্চুরির মুহূর্তটিও ছিল স্মরণীয়। মোহাম্মদ আব্বাসের বল পয়েন্ট অঞ্চলে পাঠিয়ে চার আদায় করেন মুশফিক। ঠিক সেই সময় ধারাভাষ্যকক্ষে আতাহার আলী খান বলে ওঠেন, ‘দেয়ার ইট ইজ।’ বলটি বাউন্ডারিতে পৌঁছাতেই উদযাপনে মেতে ওঠেন অভিজ্ঞ এই ব্যাটার। হেলমেট খুলে দর্শকদের শুভেচ্ছার জবাব দেন, এরপর সিজদায় লুটিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চা বিরতির সময় মুশফিকের প্রয়োজন ছিল আর মাত্র ১০ রান। অতীতে নার্ভাস নাইনটিতে একাধিকবার থেমে যাওয়ার অভিজ্ঞতা থাকলেও এবার ছিলেন বেশ সতর্ক। ১৫৫ বলে ৯০ রান থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে তিনি খেলেছেন আরও ২৩ বল। ধীরস্থির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান এই ডানহাতি ব্যাটার।

এএন