বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৫৭ এএম

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন ফুটবলার হামজা চৌধুরী। একইসঙ্গে বিচারকদের ভোটে বর্ষসেরা ফুটবলার এবং দর্শক ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি এই ফুটবলার।

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে বর্ষসেরার পুরস্কার জেতেন হামজা।

ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এই সম্মান পেয়ে তিনি গর্বিত। একইসঙ্গে পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় দলের এই তারকা ফুটবলার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের ঐতিহ্য এবং এটি বাংলাদেশের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

এম জি