ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ চলাকালে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর আগে তার এমন পরিস্থিতিতে ভক্ত ও আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত স্বস্তির খবর মিলেছে।
প্রাথমিক মেডিকেল পরীক্ষায় জানা গেছে, মেসির চোট গুরুতর নয়। এটি মূলত পেশির ক্লান্তি বা হালকা টান। ফলে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ প্রস্তুতিতে তার অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই।
গত রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের জয়ের ম্যাচে মেসি মাঠ ছাড়লে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বড় ধরনের চোটের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা।
আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি-ও স্বস্তিতে রয়েছেন। বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই দলে পাওয়া যাবে লিওনেল মেসি-কে।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পেশির টান বা ক্লান্তির কারণে মাঝেমধ্যে ম্যাচের মধ্যে মাঠ ছাড়ার ঘটনা মেসির জন্য নতুন নয়। গত কয়েক বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। তবে এবারও বড় কোনো ইনজুরি বা পেশি ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেনি।
এতে বিশ্বকাপের আগে আলজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবেন স্কালোনি।
এম জি