সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দারুণ পুরস্কার পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড়দের র্যাংকিংয়ে বড়সড় সুখবর এসেছে টাইগার শিবিরে।
পাকিস্তান সিরিজে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করে দুই টেস্টের চার ইনিংসে ২৫৯ রান সংগ্রহ করেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি। মুশফিকের পাশাপাশি আরেক নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাসও সিরিজে ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়েছেন। তাঁর বর্তমান অবস্থান ২৪তম।
ব্যাটারদের পাশাপাশি বোলারদের র্যাংকিংয়েও বড় উন্নতি হয়েছে টাইগারদের। সিরিজে দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাংকিংয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন এই স্পিনার। অলরাউন্ডার র্যাংকিংয়েও তিন ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে রয়েছেন তাইজুল।
এদিকে অফস্পিনার মেহেদী হাসান মিরাজ বোলারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন। সিরিজে গতির ঝড় তোলা তরুণ পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে বর্তমানে ৫৪তম পজিশনে অবস্থান করছেন।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ বোলারদের র্যাংকিংয়ে এগিয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন।
জেএইচআর