ব্যভিচারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার দুপুর ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।
খালাস পাওয়ার পর দুপুর ১টা ৪৪ মিনিটে নাসির হোসেন ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো। আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই ধন্যবাদ। সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার করার জন্য আদালতকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, মিথ্যা অপপ্রচার ও মনগড়া কাহিনী উপেক্ষা করে সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আদালতকে ধন্যবাদ।
ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলাটি করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। তার অভিযোগ ছিল, বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। তবে শুরু থেকেই নাসির ও তামিমা এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
আদালতের রায়ে বলা হয়, নাসির-তামিমার বিয়েতে কোনো আইনগত বাধা ছিল না। তামিমার আগের তালাক রেজিস্ট্রেশনসহ আইনগতভাবে কার্যকর ছিল বলে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে। তালাক নোটিশ ও ডাক বিভাগের রশিদসহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপিত হয় এবং সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত আরও উল্লেখ করেন, দীর্ঘদিন আলাদা থাকার পর ২০২১ সালে নাসির-তামিমার বিয়ে সম্পন্ন হয় এবং সেখানে কোনো আইনগত বাধা প্রমাণিত হয়নি। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের বেকসুর খালাস দেন।
এম জি