মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলকে ঘিরে সমালোচনা তৈরি হলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কোচ কার্লো আনচেলত্তি।
হাইতির বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, প্রথম ম্যাচের ফল দিয়ে বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে আনচেলত্তি মনে করেন, এখনই বেশি নেতিবাচক হওয়ার সময় নয়।
তিনি বলেন, ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে এখানে থাকা আমার জন্য বিশেষ সম্মানের। চাপ সামলাতে হয়, তবে এটা সামলানোর মতো অভিজ্ঞতা আমার আছে।
আনচেলত্তি আরও বলেন, বিশ্বকাপ একটি দীর্ঘ টুর্নামেন্ট, তাই প্রথম ম্যাচ খারাপ হলেই পুরো আসর খারাপ যাবে-এমন ধারণা ঠিক নয়। তার ভাষায়, মরক্কোর বিপক্ষে ফল ভালো ছিল না। তবে প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না।
২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বড় টুর্নামেন্ট। মরক্কোর ড্রয়ের পর গ্রুপ ‘সি’তে হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই ম্যাচে জয় পেলে শেষ ষোলোয় যাওয়ার পথে বড় সুবিধা পাবে ব্রাজিল, একই সঙ্গে চাপও কিছুটা কমবে।
আনচেলত্তি বলেন, এ ধরনের পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা আমার আছে। গুরুত্বপূর্ণ হলো কাজ চালিয়ে যাওয়া এবং উন্নতি করা।
হাইতির বিপক্ষে তাই জয়ই শুধু নয়, ভালো পারফরম্যান্সও চাইবে ব্রাজিল।
এম জি