এবার ব্রাজিল সমর্থকদের চাপে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার ভক্ত

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৫:২৮ পিএম

ব্রাজিল বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচ জিতলে মাথা ন্যাড়া করার চ্যালেঞ্জ দিয়েছিলেন এক আর্জেন্টাইন সমর্থক। শনিবার সকালে হাইতির সঙ্গে ব্রাজিল ৩-০ গোলে সহজ জয় পাওয়ার পর অবশেষে নিজের দেওয়া সেই কথা রাখতে বাধ্য হয়েছেন তিনি।

পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকায় এই অদ্ভুত ও মজার ঘটনাটি ঘটেছে এবং ওই আর্জেন্টিনা ভক্তের নাম কাজী রাফি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে রাফি ঘোষণা দিয়েছিলেন, ব্রাজিল যদি তাদের পরবর্তী ম্যাচে জয়লাভ করে তবে তিনি মাথা ন্যাড়া করবেন।

শনিবার যখন ব্রাজিলের জয় নিশ্চিত হয়, তখন স্থানীয় ব্রাজিল সমর্থকরা তার বাড়ির সামনে এসে ভিড় জমাতে শুরু করেন।

উদ্ভূত পরিস্থিতিতে খেলাধুলার সুশোভন পরিবেশ বজায় রাখতে তিনি বিষয়টি শহরের ঝাউবন এলাকায় নিয়ে যান।

পরে সেখানে স্থানীয় ব্রাজিল সমর্থকদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাফির মাথা ন্যাড়া করা হয়।

এর আগে গত বুধবার আর্জেন্টিনার জয়ের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন ভোলার এক ব্রাজিল সমর্থক।

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা হৃদয় নামের ওই ব্রাজিল ভক্ত আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দিয়েছিলেন।

ম্যাচ শেষে আর্জেন্টিনার জয়ের পর তিনিও নিজের কথার বরখেলাপ না করে মাথা ন্যাড়া করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন।

এএন