২০১০ বিশ্বকাপের সেই বিখ্যাত ‘পল দ্য অক্টোপাস’-এর কথা মনে আছে নিশ্চয়ই? যার নিখুঁত ভবিষ্যদ্বাণী চমকে দিয়েছিল পুরো বিশ্বকে। চলমান ২০২৬ বিশ্বকাপেও ট্রফি কার হাতে উঠবে, তা নিয়ে হাজির হয়েছে হাতি, গরিলা, বিড়ালসহ নানা প্রাণী। কারও পছন্দ স্পেন, কেউ বা বেছে নিচ্ছে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোকে।
মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর সামনে অংশ নেওয়া দলগুলোর পতাকা দেওয়া হয়েছিল। সেখানে দুটি খুদে ক্যাপিবারা বেছে নিয়েছে মেক্সিকোকে। অন্যদিকে, ফউস্তিনা নামের এক গরিলা স্পেনের পক্ষে বাজি ধরেছে। তবে তার বন্ধু, ৩৯ বছর বয়সি গরিলা চেঞ্চার দাবি, গ্রুপ পর্বের ম্যাচে উরুগুয়ে হারিয়ে দেবে স্পেনকে।
ভুলভ্রান্তি যে হচ্ছে না, তা নয়। মুলুক নামের ১৪ বছরের এক পুমা ভবিষ্যদ্বাণী করেছিল চেক প্রজাতন্ত্র হারাবে দক্ষিণ কোরিয়াকে। দুই দেশের কার্ডবোর্ডের গায়ে মাংস ঝোলানো ছিল এবং পুমাটি চেকদের দিকের মাংস বেছে নেয়। তবে বাস্তবে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়ে দেয় চেক প্রজাতন্ত্রকে।
আরেক আয়োজক দেশ কানাডায় রয়েছে এক ‘জ্যোতিষী’ গোল্ডফিশ, যার নাম দেওয়া হয়েছে ‘সুইমবাপে’। অ্যাকোরিয়ামে রাখা দুই দেশের ফ্ল্যাগের মধ্য থেকে সে নিজের পছন্দ বেছে নেয়। প্রথম ২০টি ম্যাচের মধ্যে ১০টিরই সঠিক ফল জানিয়েছে এই মাছটি, যার মধ্যে জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনার জয় অন্তর্ভুক্ত।
ইংল্যান্ডের কেন্টের বন্যপ্রাণী পার্কের চার মাসের শিম্পাঞ্জি ‘জেন’ আবার সফলভাবে ইংল্যান্ডের জয় মিলিয়ে দিয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে সে নিজ দেশের পতাকাই বেছে নিয়েছিল। রিও ডি’জেনেইরোর অ্যাকোরিয়ামে এক হাঙর ব্রাজিলকে বেছে নিলেও ‘নিম্বুস’ নামের এক বিড়ালের ড্রয়ের ভবিষ্যদ্বাণীটিই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। বিশ্বকাপ যত জমবে, এই প্রাণীদের গণনা নিয়ে উন্মাদনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
জেএইচআর