জাপানের গোলবন্যায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলো তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১২:৪৭ পিএম

প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তিউনিসিয়া। গ্রুপ পর্বে টানা দুই হারের ফলে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে জাপান। বল দখল ও আক্রমণ-দুই ক্ষেত্রেই এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। দুই অর্ধে দুটি করে গোল করে তারা জয় নিশ্চিত করে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জাপান। মাত্র চতুর্থ মিনিটেই আসে প্রথম গোল। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে দাইচি কামাডা গোল করে দলকে এগিয়ে দেন। বাঁ দিক থেকে নাকামুরার পাসে তিনি বল জালে পাঠান।

এরপর একের পর এক আক্রমণ চালায় জাপান। ৩১তম মিনিটে আবারও গোল পায় তারা। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর জোরালো শটে গোল করেন আয়াসে উয়েদা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর শক্তিশালী শটে তৃতীয় গোল আসে।

ম্যাচ শেষের সাত মিনিট আগে আবারও জাল খুঁজে পান উয়েদা। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করার পর কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

এদিকে গ্রুপ ‘এফ’ এ শক্ত অবস্থানে রয়েছে জাপান। তারা আছে দুই নম্বরে। একটি গোল বেশি ব্যবধানে শীর্ষে আছে নেদারল্যান্ডস, আর তিন নম্বরে রয়েছে সুইডেন।

এম জি