ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আলোচনায় এসেছে একটি চাঞ্চল্যকর আর্থিক অভিযোগ। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই তারকা ফুটবলার। এর ফলে কোটি কোটি টাকা আয় করেও তিনি এখন আর্থিক সংকটে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লিও দিয়াসের তথ্য অনুযায়ী, পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। এর মাধ্যমে ক্লাব চুক্তি ও অন্যান্য বাণিজ্যিক আয় থেকে প্রাপ্ত অর্থের বড় অংশ তিনি নিজের কাছে রেখে দেন। পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়া অবগত ছিলেন না বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করেন রাফিনিয়া। এ সময় ব্যাংক হিসাব পর্যালোচনা করতে গিয়ে তিনি প্রত্যাশার তুলনায় অনেক কম অর্থ দেখতে পান। এরপর আর্থিক লেনদেন খতিয়ে দেখার পর কথিত এই অনিয়মের বিষয়টি সামনে আসে।
এ ঘটনায় নিজের উপার্জনের অর্থ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাফিনিয়া বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে ব্রাজিলীয় সাংবাদিকের উত্থাপিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এএন