বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ১০:০২ এএম

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার একটি দ্বীপরাষ্ট্র। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার খেলতে এসেই তারা লিখে ফেলল অবিশ্বাস্য এক রূপকথা। স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দেওয়ার পর এবার সৌদি আরবের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার নকআউটে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মহাতারকা লিওনেল মেসির দলের মুখোমুখি হবে তারা।

হিউস্টনে আজ ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে কেপ ভার্দের সমীকরণ ছিল পরিষ্কার- নিজেদের ম্যাচে অন্তত এক পয়েন্ট (ড্র) এবং অন্য ম্যাচে উরুগুয়ের হার। মাঠে ঠিক সেই চিত্রনাট্যই মঞ্চস্থ হয়েছে। গুয়াদালাহারায় অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর এখানে সৌদি আরবকে ০-০ গোলে আটকে রেখে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে নকআউটের টিকিট কাটে কেপ ভার্দে। অন্যদিকে এই হারে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল উরুগুয়ে।

ম্যাচের শুরু থেকেই সৌদি আরবের জন্য সমীকরণ ছিল ‘জিতলেই কেবল আশা’। অন্যদিকে ড্রয়ের খোঁজে থাকা কেপ ভার্দে খেলেছে সুসংগঠিত ফুটবল। ম্যাচের চতুর্থ মিনিটেই কেপ ভার্দের পাউলোকে বিপজ্জনক উঁচু ট্যাকল করায় হলুদ কার্ড দেখেন সৌদি ডিফেন্ডার সৌদ আবদুলহামিদ। শুরুতে বলের দখল কেপ ভার্দের কাছে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে সৌদি আরব। ১৮ মিনিটে আবদুলহামিদের ক্রস থেকে সৌদি অধিনায়ক সালেম আল-দাওসারি গোলমুখে শট নিলেও ওয়াগনার পিনার দুর্দান্ত ব্লকে বেঁচে যায় কেপ ভার্দে। এর চার মিনিট পরেই প্রথম বড় পরীক্ষা দিতে হয় সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসকে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে উইলি সেমেদোর নেওয়া জোরালো শট নিকট পোস্টে ঝাঁপিয়ে রক্ষা করেন তিনি।

ম্যাচের ৩২ মিনিটে বড় ধাক্কা খায় সৌদি শিবির। মারাত্মক চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন ডিফেন্ডার হাসান আল-তামবাকতি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে বদলি হিসেবে নামেন আলি লাজামি। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে কেপ ভার্দে আক্রমণের ধার বাড়ায়। ৩৫ মিনিটে জামিরো মন্তেইরোর শট আবদুলহামিদ ব্লক করার পর, ৩৮ মিনিটে সেমেদোর ক্রস কর্নারের বিনিময়ে রক্ষা করেন আল আমরি।

ঠিক এই সময়েই (৪৩ মিনিটে) গ্যালারিতে ভেসে আসে অন্য মাঠের খবর—উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্পেন। এই খবরের পর স্টেডিয়ামের আবহ বদলে যায়, কারণ সমীকরণ অনুযায়ী কেপ ভার্দে তখন ভার্চুয়ালি নকআউটে। বিরতির পর সৌদি আরব গোল পেতে মরিয়া হয়ে উঠলেও কেপ ভার্দের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচের স্নায়ুচাপ বাড়লেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতাতেই (০-০) শেষ হয় ম্যাচ।

বিশ্বকাপের ইতিহাসে খেলা তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে কেপ ভার্দের এই অপরাজিত থেকে নকআউটে যাওয়ার গল্পটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিস্ময় হিসেবে লেখা থাকবে। তবে স্পেন-উরুগুয়ের মতো পরাশক্তিদের আটকে দেওয়া আফ্রিকার এই দলটিকে নিয়ে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনাকেও যে বেশ সতর্ক থাকতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

জেএইচআর