বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের দল নরওয়ে। কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও ইতিহাস কিন্তু কথা বলছে নরওয়ের পক্ষে। কারণ, আন্তর্জাতিক ফুটবলে একাধিকবার মুখোমুখি হয়েও এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে কোনো জয় পায়নি সেলেসাওরা। ফলে এবার শুধু কোয়ার্টার ফাইনালে ওঠাই নয়, দীর্ঘদিনের এক অস্বস্তিকর পরিসংখ্যান বদলানোরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্রাজিলের সামনে।
জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে আইভরি কোস্টকে একই ব্যবধানে পরাজিত করে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। ফলে দুই দলের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা।
বর্তমান নরওয়ে দলে আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সরলথ ও আন্তোনিও নুসার মতো তারকা ফুটবলার রয়েছেন। শক্তিশালী এই স্কোয়াডের কারণে ইউরোপের দলটিকে এবারের বিশ্বকাপের অন্যতম 'ডার্ক হর্স' হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে ব্রাজিলও বরাবরের মতো শিরোপার দাবিদার হলেও নরওয়ের বিপক্ষে অতীতের রেকর্ড তাদের জন্য স্বস্তির নয়।
এ পর্যন্ত দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ এবং বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ চার দেখায় একবারও জয় তুলে নিতে পারেনি ব্রাজিল।
মুখোমুখি ম্যাচগুলোর ফলাফল:
দুই দলের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে বেবেতোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও শেতিল রেকথাল। যদিও ওই পরাজয়ের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছিল ব্রাজিল।
একসময় ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার কৃতিত্ব ছিল সেনেগালেরও। তবে গত বছরের নভেম্বরে একটি প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়ে সেই রেকর্ড ভেঙে দেয় ব্রাজিল। এখন সেলেসাওদের বিপক্ষে অপরাজিত থাকার বিরল রেকর্ড ধরে রেখেছে শুধু নরওয়ে।
আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এখন দেখার বিষয়, ব্রাজিল কি অবশেষে ইতিহাস বদলে নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নিতে পারে, নাকি ইউরোপের দলটি নিজেদের অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করবে।
এএন