গ্রুপ পর্বে টানা তিন জয়ে দারুণ ছন্দে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা কেপ ভার্দের। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ম্যাচের আগে শেষ অনুশীলন সম্পন্ন করলেও শুরুর একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্ভাব্য একাদশ প্রায় ঠিক হলেও এখনো খেলোয়াড়দের বিষয়টি জানানো হয়নি। তাই আগেভাগে সেটি প্রকাশ করতে চান না।
তবে দলের জন্য ইতিবাচক খবর হলো, ডান হাঁটুর চোট কাটিয়ে অভিজ্ঞ সেন্টার ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো অনুশীলনে ফিরেছেন। জর্ডানের বিপক্ষে সতর্কতামূলক কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল।
রোমেরোকে নিয়ে স্কালোনি বলেন, তিনি পুরো অনুশীলন করেছেন এবং ভালো অবস্থায় আছেন। সবকিছু ঠিক থাকলে তাকে একাদশে দেখা যেতে পারে। তবে ম্যাচের আগে শেষবার পরিস্থিতি মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আর্জেন্টিনার শুরুর একাদশে এখনো দুটি পজিশন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ শুরু করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বাম রক্ষণভাগেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। সাম্প্রতিক ম্যাচে ভালো পারফরম্যান্স করা ফাকুন্দো মেদিনার সঙ্গে চোট কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকোও একাদশে জায়গার দাবিদার।
স্কালোনি বলেন, মেদিনা নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। অন্যদিকে তাগলিয়াফিকোও পুরোপুরি সুস্থ। তাই দুজনকেই বিবেচনায় রাখা হচ্ছে।
এই দুটি পজিশন ছাড়া বাকি একাদশ প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।
সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং ফাকুন্দো মেদিনা অথবা নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠ: রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা।
আক্রমণভাগ: লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ অথবা হুলিয়ান আলভারেজ।
এম জি