বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে, ১১১তম মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলেই জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল ১-১। এরপর অতিরিক্ত সময়ের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন। তবে হাল ছাড়েনি বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। সিদনি লোপেজ ক্যাবরালের দুর্দান্ত শটে আবারও সমতায় ফেরে আফ্রিকার দলটি। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই রোমেরোর গোল আর্জেন্টিনাকে স্বস্তির জয় এনে দেয়।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। তবে প্রথম দিকের সুযোগ তৈরি করেছিল কেপ ভার্দেই। এরপর ধীরে ধীরে নিজেদের ছন্দে ফেরে আর্জেন্টিনা। ১৫ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে লিওনেল মেসি ভালো সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন। তিন মিনিট পর ফ্রি-কিক থেকেও গোলের দেখা পাননি অধিনায়ক।
অবশেষে ২৯তম মিনিটে জালের দেখা মেলে। লিসান্দ্রো মার্তিনেজের নিখুঁত লং পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে চলতি আসরে নিজের সপ্তম গোলের পাশাপাশি বিশ্বকাপে মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন তিনি। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল রেকর্ডও গড়েন আর্জেন্টাইন মহাতারকা।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। কিন্তু ৫৯তম মিনিটে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। এরপর দুই দলই একাধিক সুযোগ পেলেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি।
অতিরিক্ত সময়ে শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজ আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। কিন্তু সিদনি লোপেজ ক্যাবরাল আবারও কেপ ভার্দেকে ম্যাচে ফিরিয়ে এনে উত্তেজনা বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ১১১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ক্রিশ্চিয়ান রোমেরো জয়সূচক গোল করেন।
এই নাটকীয় জয়ের ফলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে মিশর। অন্যদিকে, অসাধারণ লড়াই করেও বিশ্বকাপ অভিযান শেষ হলো কেপ ভার্দের।
এএন