কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বচ্যাম্পিয়নরা গড়েছে নতুন এক কীর্তি। স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশিবার শেষ ষোলোতে ওঠা দলের তালিকায় এখন এককভাবে দ্বিতীয় স্থানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের সামনে এখন কেবল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে ১১তম বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে বেশিবার শেষ ষোলো খেলেছে শুধু ব্রাজিল, মোট ১৩ বার।
এতদিন ১০ বার করে শেষ ষোলোতে উঠে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি। এবার স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওনেল স্কালোনির দল। ফলে রেকর্ডের দৌড়ে ব্রাজিলের আরও কাছাকাছি পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা।
এর আগে ১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর এবার ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা। সব মিলিয়ে এই পর্বে তাদের উপস্থিতি দাঁড়াল ১১ বার।
দলটির অধিনায়ক লিওনেল মেসি বলেন, ম্যাচটি বেশ কঠিন ছিল এবং প্রতিপক্ষ দারুণ লড়াই করেছে।
উল্লেখ্য, ১৯৩৮, ১৯৫০ ও ১৯৫৪ সালের বিশ্বকাপে অংশ নেয়নি আলবিসেলেস্তেরা। আর পরবর্তী আসরগুলোতে ১৯৮২ সাল পর্যন্ত বর্তমানের মতো শেষ ষোলোর ফরম্যাট চালু ছিল না।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিসর ও আর্জেন্টিনা।
জেএইচআর