ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ১১ সেকেন্ডের ভিডিও। ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্প্যানিশ ভাষায় তাকে বলতে শোনা যায়, ‘আজ (কেপ ভার্দের বিপক্ষে) আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল, চাপ অনুভব করছিলাম।’ তবে কথা শেষ করেই তিনি নিজের মন্তব্য সংশোধন করে বলেন, ‘আমি তো নিরপেক্ষ। শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ক্ষেত্রেই আমার একই ধরনের অনুভূতি হয়।’
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, ফিফা কি আর্জেন্টিনার প্রতি বিশেষ পক্ষপাত দেখায়? ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই এ ধরনের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। এবারের বিশ্বকাপেও আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির ওপর লিওনেল মেসির একটি বিতর্কিত ট্যাকলের পর কোনো কার্ড না দেখানোয় সেই আলোচনা আবারও জোরালো হয়। শনিবার (৪ জুলাই) সকাল থেকে ইনফান্তিনোর ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিতর্কটি নতুন মাত্রা পায়।
এদিন মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেসির দল। অন্যদিকে এবারের আসরে চমক দেখানো কেপ ভার্দের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।
ভিডিওটি প্রকাশের পর অনেকের ধারণা, আর্জেন্টিনার কঠিন ম্যাচ দেখেই হয়তো ইনফান্তিনো আবেগপ্রবণ হয়ে এমন মন্তব্য করেছিলেন। তবে এরপরই প্রশ্ন ওঠে- ভিডিওটি আদৌ আসল, নাকি কৃত্রিমভাবে তৈরি?
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করা ফ্যাক্ট চেকে দেখা গেছে, ভিডিওটিকে সরাসরি ভুয়া বলার মতো তথ্য পাওয়া যায়নি। কারণ জিয়ান্নি ইনফান্তিনো সাতটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন এবং স্প্যানিশ তার অন্যতম। ফলে ভিডিওতে তার স্প্যানিশ ভাষায় কথা বলা অস্বাভাবিক নয়।
তবে একই ফ্যাক্ট চেকে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি যেভাবে প্রচার করা হচ্ছে, সেটি পূর্ণাঙ্গ নয়। ইনফান্তিনোর বক্তব্যের কেবল একটি অংশ ছড়িয়ে পড়েছে; পুরো বক্তব্য প্রকাশ করা হয়নি। ফলে তার মন্তব্যের প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট নয়।
এ ছাড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এবং আশপাশে অন্য কাউকে দেখা যায় না। এ কারণেও ভিডিওটির প্রেক্ষাপট ও সত্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
মালয়েশিয়ার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রোও ভিডিওটি নিয়ে ফ্যাক্ট চেক করেছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, ভিডিওটির সত্যতা নিশ্চিত করার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এটি আংশিক সম্পাদিত, ভুল প্রেক্ষাপটে উপস্থাপিত, বিকৃত কিংবা সম্পূর্ণ ভুয়া- যেকোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এএন