স্বাগতিক যুক্তরাষ্ট্রের স্বপ্নভঙ্গ করে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ ষোলোর লড়াইয়ে সিয়াটলের লুমেন ফিল্ডে রেড ডেভিলসরা ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধেই দুইবার যুক্তরাষ্ট্রের জাল কাঁপান চার্লস ডি কেটেলারে। তার জোড়া গোলে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। তবে তাদের সব আশা ভেঙে দেন বেলজিয়ানরা। ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে হ্যান্স ভানাকেন ব্যবধান বাড়ান। এরপর শেষদিকে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকু চতুর্থ গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন।
পুরো ম্যাচে বেলজিয়াম ছিল অনেক বেশি গোছানো ও কার্যকর। মাঝমাঠের নিয়ন্ত্রণ, দ্রুত আক্রমণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় তারা স্বাগতিকদের ওপর আধিপত্য বজায় রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কিছু আক্রমণ গড়লেও শেষ তৃতীয়াংশে কার্যকর হতে পারেনি।
এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, যারা শেষ ষোলোর আরেক ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে।
এএন