সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:০৮ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে এক অবিশ্বাস্য ও নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের এক অভাবনীয় জয় তুলে নেয় লিওনেল মেসির দল। এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখল আলবিসেলেস্তেরা।

শেষ আটের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবার সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচ গোলশূন্য ড্র থাকার পর, টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে সুইসরা। তবে শেষ আটে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ঐতিহাসিক পরিসংখ্যান কিন্তু ইউরোপের এই দলটিকে খুব একটা সাহস জোগাচ্ছে না।

ফুটবল ইতিহাসের রেকর্ড বই বলছে, আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত এই দুই দল মোট সাতবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে পাঁচটিতেই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, আলবিসেলেস্তাদের বিপক্ষে আজ পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি সুইজারল্যান্ড।

এমনকি বিশ্বকাপের মঞ্চেও আর্জেন্টিনার দাপট স্পষ্ট। ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রথম দেখায় সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা।

দুই দলের ড্র হওয়া ম্যাচ দুটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, যা অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ ও ২০০৭ সালে। দুটি ম্যাচই ১-১ সমতায় শেষ হয়। অন্যদিকে ১৯৮০ সালে ৫-০, ১৯৮৪ সালে ২-০ এবং ২০১২ সালে ৩-১ ব্যবধানে সুইসদের বিপক্ষে বড় জয় পেয়েছিল আর্জেন্টিনা। সব মিলিয়ে এই সাত ম্যাচে সুইজারল্যান্ডের জালে ১৫টি গোল করেছে আকাশী-সাদারা, যার বিপরীতে সুইসরা আলবিসেলেস্তাদের জালে বল পাঠাতে পেরেছে মাত্র ৪ বার।

পরিসংখ্যান স্পষ্টভাবেই মেসি-এনজোদের পক্ষে কথা বললেও অতীতের রেকর্ড যে মাঠের ফল নির্ধারণ করবে না, তা বেশ ভালোই জানা আছে কোচ লিওনেল স্কালোনির। এবারের বিশ্বকাপে নকআউটের পথটা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ ছিল না। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত হেড-টু-হেড রেকর্ড মানসিকভাবে স্বস্তি দিলেও সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে কোনো ধরনের আত্মতুষ্টির সুযোগ নেই বিশ্বচ্যাম্পিয়নদের। ইতিহাস আর্জেন্টিনার পক্ষে থাকলেও মাঠের ৯০ মিনিটের যুদ্ধই ঠিক করবে কার হাতে উঠবে সেমির টিকিট।

জেএইচআর