সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০২:০২ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আগের ম্যাচের সফল ছকই ধরে রাখতে চান প্রধান কোচ লিওনেল স্কালোনি।

শেষ ষোলোর লড়াইয়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করা এবং রক্ষণে কিছু ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে ওঠে। তারপরও দলের লড়াকু মানসিকতা ও আক্রমণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ।

সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের কথা ভাবছেন না স্কালোনি। তবে দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা নিয়ে ভাবনা রয়েছে। পাশাপাশি আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাওতারো মার্তিনেজকে শুরুর একাদশে সুযোগ দেওয়া হবে কি না, সেটিও এখনো নিশ্চিত হয়নি।

মিশরের বিপক্ষে মোলিনা ও আলভারেস নিজেদের সেরাটা দেখাতে পারেননি। অন্যদিকে বদলি হিসেবে নেমে ইতিবাচক প্রভাব রাখেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলেও দারুণ একটি অ্যাসিস্ট করেন। ফলে প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবিও জোরালো করেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালের আগে বাকি দুই অনুশীলনে সম্ভাব্য কয়েকটি সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।

এম জি