জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সফরের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তিনি। বিষয়টি ভিডিওবার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
সিরিজের প্রথম ওয়ানডেতে খেলার পর দ্বিতীয় ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ওই ম্যাচে বল করার সময় তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। এরপর ৭ জুলাই তার স্ক্যান করানো হলে রিপোর্টে গ্রেড ওয়ান মাসেল টিয়ার ধরা পড়ে।
বিসিবির প্রকাশিত ভিডিওতে বায়েজিদুল ইসলাম খান বলেন, মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে একটা আঘাত নিয়ে উঠে এসেছে। পরে ৭ জুলাইয়ে একটা স্ক্যান করানো হয়েছে। স্ক্যানে গ্রেড ওয়ান মাসেল টিয়ার এসেছে, ডান হ্যামস্ট্রিংয়ে। হাঁটুতে ওর একটু সমস্যা আছে। আমরা আশা করছি ৪ সপ্তাহের মত লাগবে ঠিক হতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে।
ফিজিওর দেওয়া তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে মাঠে ফিরতে মুস্তাফিজের প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে আসবেন।
মুস্তাফিজুর রহমান ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও ছিলেন। তবে তার পরিবর্তে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এম জি