স্পেন-ফ্রান্সের মহারণ: ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১২:৩৫ এএম

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের এই সেমিফাইনাল। তাঁর এই মন্তব্যে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে-১৮ বছর বয়সী ইয়ামালের ক্যারিয়ারই বা কতদিনের, আর ম্যাচই বা খেলেছেন কটি! তবে অন্য দিক থেকে বিবেচনা করলে, ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেনের এই লড়াই। আর এ কারণেই ম্যাচটি ইয়ামালের ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে জায়গা করে নিতে পারে।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। এই বিশাল মূল্যের কারণে ম্যাচটি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচের তকমা পাচ্ছে।

কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসদের মতো তারকাদের নিয়ে গড়া ফ্রান্স দলের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার। তবে খুব একটা পিছিয়ে নেই লামিন ইয়ামাল, পেদ্রি ও পাও কুবার্সিদের নিয়ে গড়া স্পেনের তরুণ দলটিও। স্প্যানিশ স্কোয়াডের বর্তমান বাজারমূল্য প্রায় ১৪৩ কোটি ডলার।

দলীয় মূল্যের বিচারে ফ্রান্স কিছুটা এগিয়ে থাকলেও একক খেলোয়াড় হিসেবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে এগিয়ে আছেন স্পেনের ইয়ামাল। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড ইয়ামালের বর্তমান বাজারদর প্রায় ২৩ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে ফরাসি অধিনায়ক এমবাপ্পের বর্তমান মূল্য ২১ কোটি ডলার। এছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রি দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭ কোটি ৫০ লাখ ডলার।

স্পেন দলে থাকা তিন গোলরক্ষকই বেশ দামি ও সুপরিচিত। একাদশে নিয়মিত সুযোগ না পেলেও আর্সেনালের দাভিদ রায়া কিংবা বার্সেলোনার হোয়ান গার্সিয়ার বাজারদর অনেক উঁচুতে। স্পেনের তিন গোলরক্ষকের সম্মিলিত বাজারদর ১১ কোটি ৪০ লাখ ডলার। বিপরীতে ফরাসি গোলরক্ষক মাইক মাইগনানদের দাম ৬ কোটি ৭০ লাখ ডলার।

তবে রক্ষণভাগের শক্তির দিক থেকে স্পেনের চেয়ে বেশ এগিয়ে আছে ফ্রান্স। উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে ও ডায়োট উপামেকানোদের বাজারমূল্য স্পেনের পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে ও পেদ্রো পোরোদের চেয়ে অনেক বেশি। যেখানে ফ্রান্সের রক্ষণভাগের ডিফেন্ডারদের দাম প্রায় ৪৭ কোটি ৩০ লাখ ডলার, সেখানে স্পেনের রক্ষণভাগের মূল্য ৩৩ কোটি ৭০ লাখ ডলার।

জেএইচআর