ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কূটনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ভিন্ন এক আবহ। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ‘প্রকৃত বন্ধু’ উল্লেখ করে ফাইনালে আলবিসেলেস্তেদের সাফল্য কামনা করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম তুর্কি টুডে জানিয়েছে, শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াজনিসের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই বার্তা দেন। রাষ্ট্রদূতের মাধ্যমে প্রেসিডেন্ট মিলেইর কাছে পাঠানো শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, আর্জেন্টিনা এবং এর জনগণের প্রতি ইসরায়েলের সমর্থন রয়েছে, আর বিশ্বকাপের ফাইনালেও তারা আর্জেন্টিনার জয় দেখতে চান।
নেতানিয়াহুর বার্তার জবাবে রাষ্ট্রদূত ওয়াজনিস প্রেসিডেন্ট মিলেইর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, মিলেই নেতানিয়াহুকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করেন এবং আর্জেন্টিনার প্রতি তার সমর্থনকে অত্যন্ত মূল্যবান বলে বিবেচনা করেন।
২০২৩ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। তিনি তেল আবিবকে আর্জেন্টিনার অন্যতম কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করেছেন এবং দায়িত্ব নেওয়ার পর একাধিকবার ইসরায়েল সফরও করেছেন।
সবশেষ ২০২৬ সালের এপ্রিলে ইসরায়েল সফরের সময় মিলেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠক করেন। ওই সফরে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
নেতানিয়াহুও বিভিন্ন সময় মিলেইকে ‘ইসরায়েলের মহান বন্ধু’ বলে অভিহিত করেছেন। মুক্তবাজার অর্থনীতির প্রতি মিলেইর অবস্থানেরও প্রশংসা করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে।
ক্যাথলিক পরিবারে জন্ম হলেও ইহুদি ধর্মের প্রতি মিলেইর আগ্রহ সুপরিচিত। আন্তর্জাতিক পরিসরে তিনি প্রায়ই ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুও এর আগে জানিয়েছিলেন, মিলেইর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কারণেই তিনি আর্জেন্টিনার খেলা অনুসরণ করেন এবং বিশ্বকাপ ফাইনালে দলটির সাফল্য কামনা করছেন।
এএন