বাংলাদেশের তৈয়ব হাসানের সাবেক সহকারী এখন বিশ্বকাপ ফাইনালের রেফারি!

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:৫৯ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা, তখন বাংলাদেশের ফুটবল অঙ্গনেও এসেছে গর্বের একটি খবর। ফাইনাল ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন জর্ডানের আদহাম মাখাদমেহ, যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামানের একটি স্মরণীয় অধ্যায়।

এই সম্পর্কের শুরু ২০১৩ সালে। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসান। সেই ম্যাচেই চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আদহাম মাখাদমেহ। দক্ষিণ এশিয়ার সেই মঞ্চ থেকে শুরু করে আজ বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পাওয়া পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন জর্ডানের এই রেফারি।

সাবেক সহকর্মীর এমন অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তৈয়ব হাসান। তিনি বলেন, আদহামের এই সাফল্য শুধু জর্ডানের নয়, পুরো এশিয়ার রেফারিংয়ের জন্যই গর্বের। ২০১৩ সালের সাফ ফাইনালের স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল। তখন থেকেই আদহামের শেখার আগ্রহ ও নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো।

তৈয়বের ভাষায়, একসময় তার সঙ্গে সহকারী হিসেবে কাজ করা একজন রেফারিকে আজ বিশ্বকাপ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা অত্যন্ত আনন্দের। তিনি মনে করেন, কঠোর পরিশ্রম ও সততা থাকলে দক্ষিণ এশিয়া থেকেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব- আদহাম তারই উদাহরণ।

পেশায় শিক্ষক তৈয়ব হাসান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সাতক্ষীরার এই অভিজ্ঞ রেফারি টানা ১৮ বছর ফিফা রেফারি এবং ১০ বছর এএফসি এলিট প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়ার বিভিন্ন বড় টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার পাশাপাশি বাংলাদেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার কৃতিত্বও তার দখলে রয়েছে।

যদিও এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার কোনো রেফারি বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি, তবে বিশ্বকাপ ফাইনালের চতুর্থ রেফারি আদহাম মাখাদমেহর সঙ্গে তৈয়ব হাসানের এই পুরোনো সম্পর্ক বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এক বিশেষ গর্বের বিষয় হয়ে উঠেছে।

এএন