দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালকে নেতৃত্ব দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়তো আর বেশি দূরে নয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে পারে জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি।
রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এবার ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, পর্তুগালের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি—২৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের হোম ভেন্যু হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলার পরই জাতীয় দলকে বিদায় জানাবেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি।
এমন সম্ভাবনা আরও জোরালো হয়েছে পর্তুগালের নতুন প্রধান কোচ জর্জ জেসুসের দায়িত্ব গ্রহণের পর। চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া এই কোচ জানিয়েছেন, শুরুতেই দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই। ফলে রোনালদোকে সম্মানজনক বিদায় জানানোর সুযোগ তৈরি হয়েছে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
জেসুস বলেন, নতুন কোচ হিসেবে এসেই ব্যাপক পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। যারা সাম্প্রতিক দলে ছিলেন না, তাদের নিয়েও এখনই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নেই।
যদি ওয়েলস ম্যাচের পর রোনালদো সত্যিই অবসর নেন, তাহলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে ইতিহাস গড়া সব অর্জন নিয়ে। এখন পর্যন্ত পর্তুগালের হয়ে তিনি খেলেছেন ২৩৩টি ম্যাচ এবং করেছেন ১৪৬টি গোল- যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ গোলের রেকর্ড।
জাতীয় দলের হয়ে তার ঝুলিতে রয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ- মোট তিনটি বড় শিরোপা।
তবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও পেশাদার ক্যারিয়ারের ইতি টানছেন না রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। ক্লাব ফুটবলে তার সবচেয়ে বড় লক্ষ্য এখন এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৭৬, অর্থাৎ কাঙ্ক্ষিত সংখ্যায় পৌঁছাতে প্রয়োজন আরও ২৪ গোল।
এএন