গানে গানেই ব্যস্ত দোলা

বিনোদন প্রতিবেদক  প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০১:৩১ এএম
গানে গানেই ব্যস্ত দোলা

দোলা— এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। গত বৈশাখে তার মৌলিক গান ‘এলোরে বৈশাখ’ ইউটিউবে প্রকাশিত হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন দোলা নিজেই। 

গানটি প্রসঙ্গে দোলার অভিব্যক্তি ছিল এমন, ‘আমি দোলা সব সময় আপনাদের ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ্ থাকব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ। 

আমি চেষ্টা করেছি গেলো বৈশাখে গাওয়ার  এবং নাচার মতো  একটি গান আপনাদের উপহার দিতে, জানি না কতটুকু সফল হয়েছি। গানটি সবাইকে উপভোগ করার জন্য বিনীত অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ভালো কাজকে সাপোর্ট করবেন।’  

২০১৭ সালের চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে এসে যারা এ মুহূর্তে সংগীতাঙ্গনে নিজের গায়কী দিয়ে ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করছেন, তাদের মধ্যে অন্যতম একজন দোলা। 

স্টেজ মৌসুম শুরু হওয়ায় দোলার ব্যস্ততা বেড়ে গেছে অনেক। একজন সংগীতশিল্পী হিসেবে দোলাকে সাধারণত সে ধরনের শ্রোতা-দর্শকই মঞ্চে গান শুনতে আগ্রহী যারা ফোক ফিউশন, একটু ফাস্ট গান, জনপ্রিয় ব্যান্ড সংগীত এবং ওয়েস্টার্ন গান শুনতে ভালোবাসেন। যে কারণে দোলার আলাদা কদর আছে শ্রোতা-দর্শকের কাছে। 

দোলার ভাষ্যমতে, তিনি ভার্সেটাইল একজন সংগীতশিল্পী। তবে তিনি জানান, তার কণ্ঠে ফোক গান এবং লালনগীতিই বেশি শ্রুতিমধুর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে ১৬ দিনব্যাপী মহোৎসবের প্রথম দিনে তিনি অংশ নিতে পেরেছিলেন। 

আরটিভি ফোক স্টেশনের সিজন ফোর-এ দোলা তিনটি গান গেয়েছেন। গান তিনটি হচ্ছে ‘পোষা পাখি’, ‘কৃষ্ণ পক্ষ’ ও ‘শিরনী খাওয়া’। এরই মধ্যে তার নিজের তিনটি মৌলিক গানও প্রকাশিত হয়েছে। এর একটি হচ্ছে ‘হেলে দুলে’। 

লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর করেছেন লিংকন এবং পুনঃসংগীতায়োজন করেছেন আবিদ কবির। দোলার নিজের কথা ও সুরে ‘কাঁচের চুড়ি’ সংগীতায়োজন করেছেন আবিদ কবির এবং ‘পারি না সামলাতে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ; সুর-সংগীত করেছেন নাভিদ পারভেজ। 

এছাড়াও তৈরি আছে ‘বন্ধু কৃষ্ণ আমি রাধা’। গানটি লিখেছেন আহসান শাহ এবং সুর করেছেন এফ কে স্বপন, সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ।