গীতিকবি সংঘ বাংলাদেশের নির্বাচন

সভাপতি জঙ্গী সম্পাদক আসিফ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০২:০১ এএম
সভাপতি জঙ্গী সম্পাদক আসিফ

গত শুক্রবার আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো গীতিকবি সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির (২০২২-২৪) নির্বাচন। সেদিন রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হন শহীদ মাহমুদ জঙ্গী। শহীদ মাহমদু জঙ্গী সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ গীতিকবিদের সম্মান ও সম্মানি নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করে যাব। আমার ওপর অর্পিত দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে চাই।

আর নিজের কাজটাও সাথে সাথে ভালোভাবে করে যেতে চাই। সবার সহযোগিতায় আসলে আমি আমার দায়িত্ব পালন করে যেতে চাই।’ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আসিফ ইকবাল।

তিনি পেয়েছেন ৭২ ভোট। তার নিকটতম প্রার্থী সালাউদ্দিন সজল (১২)। সাংগঠনিক সম্পাদক পদে জিতেছেন জুলফিকার রাসেল (৬৪)। একই পদে বিজিত লতিফুল ইসলাম শিবলী (২১)। শুক্রবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার নকীব খান ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার কুমার বিশ্বজিৎ ও ফোয়াদ নাসের বাবু।  

ধন্যবাদ জ্ঞাপন করে নকীব খান ভোটসংখ্যা ও বিজয়ীদের নাম ঘোষণা করেন। কার্যনির্বাহী কমিটির (২০২২-২৪) নির্বাচনে সহসভাপতি পদে লিটন অধিকারী রিন্টু (৬৫) ও গোলাম মোর্শেদ (৬২), যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী বাপ্পী খান (৫৮) ও দেলোয়ার আরজুদা শরফ (৬২), সাংস্কৃতিক সম্পাদক পদে জয় শাহরিয়ার (৪৭) জয়ী হয়েছেন। সাধারণ সদস্য পদে জয়ী হয়েছেন চারজন : জনি হক (৬৩), আহমেদ রিজভী (৫৮), সিরাজুম মুনীর (৫৬) ও বাকীউল আলম (৫৪)। কয়েকটি পদে বিনা প্রতিযাগিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।

তারা হলেন  সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী, অর্থ সম্পাদক এনামুল কবির সুজন, দপ্তর সম্পাদক মাহমুদ মানজুর এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রবিউল ইসলাম জীবন।