ডিসেম্বরে ‘ওরা ৭ জন’ মিলেছে ছাড়পত্র

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০২:০৫ এএম
ডিসেম্বরে ‘ওরা ৭ জন’ মিলেছে ছাড়পত্র

মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। কারণ ছবিটি পেয়েছে মুক্তির ছাড়পত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক খিজির হায়াত খান।

এই নির্মাতা জানান, গত ২৮ জুলাই ছবিটি আনকাট সেন্সর পেয়েছে।

তিনি বলেন, ‘সেন্সর বোর্ড থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এখন এটি মুক্তি দিতে আর কোনো বাধা থাকল না। ইচ্ছে আছে ডিসেম্বরে বিজয়ের মাসে সিনেমাটি  দেশব্যাপী মুক্তি দেয়ার। জানা যায়, মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিতে ৭টি চরিত্র দেখানো হয়েছে।

তাদের একজন নির্মাতা খিজির হায়াত খান। বাকি ছয়টি চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিজ আহমেদ।

এদের বাইরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। গল্প প্রসঙ্গে জানা যায়, চরিত্রগুলোর কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ সামরিক বাহিনীর মেজর, কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সবাই এক সময় দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন।

‘ওরা ৭ জন’ পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। সংগীত করেছেন নাজমুল আবেদীন আবির। গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত।