নাটকের গানেও নির্ভরতা বাড়ছে মৌমিতার

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০১:১৯ এএম
নাটকের গানেও নির্ভরতা বাড়ছে মৌমিতার

মৌমিতা বড়ুয়া, এ প্রজন্মর শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। আধুনিক গান, সিনেমার গান এবং নাটকের গানে রয়েছে তার বেশ ব্যস্ততা। গেলো ঈদে দুটি নাটকে তার গান প্রচারিত হয়েছে।

সাজিন খানের ‘পগ গার্ল’ নাটকের টাইটেল সং ‘আজ আমার মন ভালো নেই’ এবং মাবরুর রশীদ বান্নাহর ‘হাঁটতে চাই তোমার পাশে’ নাটকের ‘বারে বারে তোমাকে’ গান দুটি গেয়েছেন মৌমিতা। এই দুটি গানের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি।

মূলত এই সময়ে বাংলা নাটকে গান ব্যবহারও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যারা নাটকে গান করেন, তাদেরও গানের ভুবনে একটা সময় এস ব্যস্ততা বেড়ে যায়।

মৌমিতাও নাটকের গানে নিয়মিত। ভীষণ মিষ্টি কণ্ঠের গানের ভুবনে সব সময়ই চাহিদা রয়েছে। মৌমিতার কণ্ঠেরও তাই চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

‘আজ আমার মন ভালো নেই’ গানটি লিখেছেন ও সুর করেছেন শাহরিয়ার রাফাত। অন্যদিকে ‘বারে বারে তোমাকে’ গানটি লিখেছেন ও সুর করেছেন শোভন রায়। এদিকে এরই মধ্যে মৌমিতার আরও দুটি নতুন মৌলিক গানও প্রকাশিত হয়েছে।

গান দুটি হচ্ছে ‘মনের বাহন তুই’ (গানের কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন সুমন কল্যাণ), ও ‘রূপের কারিগর’ (গান লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন শোভন রায়)।

দুটি গানের জন্যই মৌমিতা বেশ সাড়া পাচ্ছেন। তবে মৌমিতার জীবনে আরকে নতুন অধ্যায়ের সূচনা হলো। আর তা হলো প্রথমবারের মতো তিনি উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় একটি গান গেয়েছেন।

গানের নাম ‘একটি ছেলে’। গানটির সুর করেছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী অপু আমান। মৌমিতার ভাষ্যমতে, এই গানটি তার জীবনের আশীর্বাদ হয়ে আসছে।

কারণ, একজন গাজী মাজহারুল আনোয়ারের কথায় গান করা পরম সৌভাগ্যের বিষয়। মৌমিতা তার সংগীত জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখেন।

মৌমিতা বলেন, ‘অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে যারা আমাকে নিয়মিত গানের ভুবনে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। শিল্পী হিসেবে আমি অতি সাধারণ একজন শিল্পী। বলা যায় এখনো গান শিখছি প্রতিনিয়ত। নিজেকে গানের চর্চায় মগ্ন রেখে অধ্যবসায় করে যাচ্ছি প্রতিনিয়ত।

আগামী ১০ বছর বছর পর নিজেকে এমন অবস্থানে দেখতে চাই, যাতে করে নতুন প্রজন্ম আমার গান গায়, আমি যেমন আগের প্রজন্মের শ্রদ্ধেয় বরেণ্য শিল্পীদের গান অনায়াসে নিজের কণ্ঠে তুলে নিই, ঠিক তেমন।

আর একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান করার স্বপ্ন দেখি, যেখানে শুদ্ধ সংগীত শেখানো হবে। আমার বিশ্বাস, ঈশ্বর আমার সেই স্বপ্ন পূরণ করবেন।

কারণ আমি বিশ্বাস করি আমি একজন সাদা মনের মানুষ। জীবনে কখনো কারো ক্ষতি চাইনি, কারো ক্ষতির কারণও হইনি আমি। তাই আমার বিশ্বাস ঈশ্বর আমার ওপর সহায় হবেন আমার স্বপ্ন পূরণে।’