দেশের ব্যান্ডসংগীতের অন্যতম একটি ব্যান্ডের নাম ‘অর্থহীন’। এ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সুমন ওরফে বেজবাবা সুমন। এই সংগীতশিল্পী জানালেন ‘অর্থহীন’-এর অষ্টম একক অ্যালবাম নিয়ে আসছেন। সোশ্যাল মিডিয়ায় এমন তথ্য নিজেই নিশ্চিত করেছেন বেজবাবা সুমন নিজেই।
গত রোববার রাতে ফেসবুকে এক পোস্টে সুমন লেখেন, ‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি নয়। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সেকিউশন! কোনো একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই।
মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিল। মজার ব্যাপারটা হলো একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ কাজটা আমার কাছে অনেক ‘স্পেশাল’ বলা যেতে পারে। কারণ কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।’
তিনি আরও লেখেন, ‘অর্থহীনের অ্যালবামের কাজ করার সময় এটা খুব কমন একটা সিনারিও। ব্যান্ডের প্রতিটি মেম্বার আমার মতো পাগলামি করতে থাকে কদিনের জন্য! গতকাল ভোর সাড়ে ৫টায় হঠাৎ মার্ক বলল, ‘সুমন ভাই, এই সেশনে আমাদের অ্যালবামের অর্ধেক কাজ করার কথা। সাত দিনে কাজ কিন্তু শেষ (বসার কথা ছিল ১৫ দিন)!’ শিশির আর মহান ততক্ষণে বাসায় চলে গেছে।
সুতরাং শুধু আমরা দুজন ঘুমের সমস্যা হবে জেনেও মিস্টার আবসার সারটিফাইড ব্ল্যাক কফি খেয়ে সেলিব্রেট করলাম (কারণ আমরা অনেক কুল)। আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকব ১০-১৫ দিনের জন্য, বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করার জন্য ইনশাআল্লাহ।
গত বছরের শেষে বলেছিলাম আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়ব। ইনশাআল্লাহ হতাশ করব না। অ্যালবামের ডিটেইল অর্থহীনের পেজ থেকে শিগগিরই অফিসিয়ালি জানানো হবে। সবাই ভালো থাকবেন।’
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসার জন্য বেজবাবা সুমন সবার আড়ালে ছিলেন। ক্যানসারকে পরাহত করে গত বছরের সেপ্টেম্বরে তিনি প্রকাশ করেন কামব্যাক সং ‘বয়স হলো আমার’।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন