ইসলামিক সলিডারিটি গেমস

আর্চারিতে রুপা ও তামা অর্জন

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৬:৩৯ এএম
আর্চারিতে রুপা ও তামা অর্জন

তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে পদক জিতেছে বাংলাদেশ। আর্চারিতে একটি রুপা ও দুটি তামার পদক অর্জন করেছে বাংলাদেশ। অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকসে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত পদক জেতা হয়নি ইমরানুর রহমান, আলী কাদের হকদের। কিন্তু রোমান সানা, দিয়া সিদ্দিকীর হাত ধরে আর্চারিতে এলো পদক।

গতকাল মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে আশা জাগিয়েও শেষ পর্যন্ত রুপা জিতেছে বাংলাদেশ। রোকসানা আক্তার, শ্যামলী রায়, পুষ্পিতা জামানদের নিয়ে গড়া বাংলাদেশকে ২২৯-২২২ পয়েন্টে হারিয়েছে তুরস্ক। চার সেটের প্রথম দুটিতেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথম সেটে হার ৫৮-৫৬ পয়েন্টে, দ্বিতীয় সেটে ৫৮-৫৫ পয়েন্টে। তবে তৃতীয় সেটটিতে দু’দলই করেছে সমান ৫৮ পয়েন্ট।

এরপর শেষ সেটে যেখানে তুরস্ক করেছে ৫৫ পয়েন্ট, বাংলাদেশ করেছে ৫৩। কম্পাউন্ডের ছেলেদের দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে মালয়েশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। মোহাম্মদ আশিকুজ্জামান, মিঠু রহমান ও সোহেল রানার বাংলাদেশ দল ২২৭ পয়েন্ট অর্জন করে।

এরপর মালয়েশিয়াও সমান ২২৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু টাইব্রেকারে এক সেটে মালয়েশিয়া ২৯ পয়েন্ট পেলেও বাংলাদেশ পেয়েছে ২৫ পয়েন্ট। রিকার্ভে আলো ছড়াতে পারেননি রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। এই ইভেন্টে ছেলেদের ও মেয়েদের দলগত তামা জিতেছে বাংলাদেশ। রোমান সানা, হাকিম আহমেদ ও মোহাম্মদ সাগর ইসলামের বাংলাদেশ দল তামার লড়াইয়ে ম্যাচে ৬-০ সেটে হারিয়েছে সৌদি আরবকে।

এর আগে সেমিফাইনালে বাংলাদেশ তুরস্কের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরেছে। মেয়েদের রিকার্ভের দলগত ইভেন্টে তামার লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে। এই দলে খেলেছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার। বাংলাদেশের মেয়েদের দুর্ভাগ্যই বলতে হবে।

সেমিফাইনালে বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে টাইব্রেকারে ৫-৪ সেট পয়েন্টে হেরেছে। এই ম্যাচে প্রথম সেটে ৫৫-৪৯ পয়েন্টে জেতে বাংলাদেশ। কিন্তু পরের সেট ৪৯-৪৬ পয়েন্টে জিতে নেয় ইন্দোনেশিয়া। তৃতীয় সেটটি আবারও বাংলাদেশ জেতে ৫১-৪৬ পয়েন্টে। কিন্তু ম্যাচে সমতায় ফেরা চতুর্থ সেটটি ইন্দোনেশিয়া জেতে ৫৩-৫০ পয়েন্টে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই সেটে বাংলাদেশও ২৩ পয়েন্ট পেয়েছে।

ইন্দোনেশিয়াও পেয়েছে সমান ২৩ পয়েন্ট। কিন্তু ইন্দোনেশিয়ার আর্চারদের ‘পারফেক্ট টেন’ বেশি হওয়ায় তারা পৌঁছে যায় ফাইনালে। সোনা জয়ের লড়াইয়ে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ তুরস্ক।