‘সংগীত ঐক্য বাংলাদেশ’র যাত্রা শুরু হলো কিছুদিন আগেই। কিন্তু এরইমধ্যে এই সংগঠনটি দৃষ্টান্তমূলক কাজ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এ সংগঠনটি মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে বন্যার্তদের মধ্যে প্রায় তিন লাখ টাকার টিন বিতরণ করেছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই বিতরণ প্রক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বন্যাদুর্গতদের মধ্যে টিন বিতরণ করেন। অনুষ্ঠানে সংগীত ঐক্য বাংলাদেশের পক্ষে জুমে সংযুক্ত ছিলেন সংগঠনের মহাসচিবদ্বয় নকিব খান এবং কুমার বিশ্বজিৎ।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে তার প্রয়াণ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার বন্যাদুর্গতদের মধ্যে টিন বিতরণ করেছে আমাদের সংগঠন সংগীত ঐক্য পরিষদ। বন্যা চলাকালীন সময়েই আমরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম।
কিন্তু সে সময় আসলে সরকারি-বেসরকারি অনেক সহযোগিতা পাচ্ছিলেন বন্যার্তরা। আমরা তাই পরবর্তীতে একটু সময় নিয়ে আমাদেরই সংগঠনের সংগীতশিল্পী মৌলভীবাজারের ইউএনও সাবরিনা রহমান বাঁধনের সমন্বয়ে বন্যাদুর্গতদের মধ্যে সাহায্য হিসেবে টিন বিতরণ করেছি। যাতে করে তারা নিজেদের আবাসন ঠিক করে শান্তিতে বসবাস করতে পারেন।
ধন্যবাদ জানাই সংগীত ঐক্য বাংলাদেশ’র সাথে সম্পৃক্ত সবাইসহ মৌলভীবাজারের জেলা প্রশাসক, আমাদের প্রিয় বাঁদনসহ এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সবাইকে। সবার সহযোগিতায় আমরা আমাদের সংগঠনের এই আন্তরিক প্রচেষ্টা ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পেরেছি।
ভবিষ্যতেও সংগঠনের সবাই আন্তরিকতা নিয়ে যে কোনো কাজে বিশেষত দেশের নানা দুর্যোগে পাশে থাকবে— এটাই আমার প্রত্যাশা। সাংগঠনিকভাবে সংগীত ঐক্য পরিষদ যে একটি কার্যকরী সংগঠন, তা যেন বারবার প্রমাণ করতে পারি আমরা।’
উল্লেখ্য, ‘সংগীত ঐক্য পরিষদ’ মূলত গীতিকার, সুরকার ও শিল্পীদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন।
কুমার বিশ্বজিৎ জানান, ভবিষ্যতে এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে। সংস্কৃতি অঙ্গনের মানুষরা যে এক আত্মার, তা-ই যেন বারবার প্রমাণ করতে পারে ‘সংগীত ঐক্য পরিষদ’ আর সে চেষ্টাই অব্যাহত রাখবে বলে জানান কুমার বিশ্বজিৎ।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন