বাংলাদেশের প্রখ্যাত সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দীন নতুন ছয়টি মৌলিক গান নিয়ে শিগগিরই শ্রোতা দর্শককে উপহার দিতে যাচ্ছেন। ছয়টি গানের মধ্যে দুটি গানের কথা লিখেছেন শহীদ মুহাম্মদ জঙ্গী, সুর করেছেন নকীব খান।
দুটি গানের কথা লিখেছেন জামাল হোসেন, সুর করেছেন মুহিন খান ও উজ্জ্বল সিনহা, আবার আরও দুটি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও অধরা জাহান এবং এই দুই গীতিকবির গানের সুর করেছেন ফোয়াদ নাসের বাবু। বর্তমানে মিমি এই নতুন ছয়টি মৌলিক গানের কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন।
গানগুলোর সঙ্গীতায়োজনের কাজ শেষ করা, মিউজিক ভিডিও করা নিয়ে তাকে বেশ ভেবে চিন্তে কাজ করতে হচ্ছে। আবার মিমি জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘কলের গাড়ি তাড়াতাড়ি চালাও রসিক ড্রাইভার’ গানটি নতুন করে গাইতে যাচ্ছেন মিমি।
গানটি লেখা মনিরুজ্জামান মনিরের, সুর আলাউদ্দীন আলীর। মিমি জানান নতুন করে গানটির সঙ্গীতায়োজন করছেন মানাম আহমেদ। এই গানটি নিয়েও ভীষণ উচ্ছ্বসিত মিমি। কারণ প্রথমবার তিনি রুনা লায়লার কোনো গান কাভার করতে যাচ্ছেন। রুনা লায়লার গান করার জন্য শিল্পীদের একটু সাহসেরও প্রয়োজন হয়। মিমি অনেক দেরিতে হরেও এই সাহসটা করেছেন।
এদিকে মিমির আজ জন্মদিন। জন্মদিনে তিনি গাজীপুরে একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গে থাকবেন তার মেয়ে।
তার মেয়ের মায়ের জন্মদিনকে ঘিরে পরিকল্পনা রয়েছে বলে জানান মিমি। নতুন নতুন গান, রুনা লায়লার গান এবং জন্মদিন প্রসঙ্গে মিমি বলেন, ‘নতুন ছয়টি মৌলিক গান করছি। ছয়টি গানের বাণী এবং সুর একজ কথায় অসাধারণ। যেহেতু আমি আলাউদ্দীন আলীর সহধর্মিণী।
তাই আমাকে একটু বুঝে শুনেই গান নির্বাচন করতে হচ্ছে। নকীব ভাইয়ের সুর করা গান আশা করছি এ মাসের শেষেই প্রকাশ পাবে। তবে আমি খুব বেশি উচ্ছ্বসিত আছি শ্রদ্ধেয় রুনা লায়লা আপার গাওয়া গানটি নিয়ে। এ গানটি সবার প্রিয় আলাউদ্দীন আলীর সুর করা গান।
তাই গানটি গাইবার সাহস করেছি। গানটির জন্য আমি অনেক চর্চা করে প্রস্তুতি নিয়েছি। রুনা আপার গান গাওয়াতো আসলে সহজ কোন বিষয় নয়, তার গান গাইতে পারা আমার কাছে মনে হয শিল্পীদের কাছে আশীর্বাদ’স্বরূপ। জন্মদিনে কোন আয়োজন নেই।
এবারই প্রথম মা ছাড়া জন্মদিনের সময় কাটবে। আসলে বাবা নেই, মা নেই, স্বামী নেই-এসব নিয়ে যখন ভাবি খুউব মন খারাপ হয়। তবু্ও দোয়া চাই সবার কাছে।’ এদিকে মিমি জানান, শিগগিরই মিতালী মুখার্জির গাওয়া ‘এই দুনিয়া এখনতো আর’ গানটির কাভার মিমির কণ্ঠে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন