নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে আসতে ভালোবাসেন পরিণীতি চোপড়া। এবারও ব্যতিক্রমী এক চরিত্রে আসছেন তিনি। ছবির নাম ‘কোড নেম তিরঙ্গা’। প্রকাশ্যে এসেছে ছবিতে পরিণীতির লুক। নেটুজনতা পরিণীতির নতুন এই রূপ দেখে অবাক।
নতুন এই ছবি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নিজেকে নতুন এক রূপে মেলে ধরতে আবার ফিরে এসেছি। এর আগে আমাকে এ ধরনের চরিত্রে দেখা যায়নি। সব সময় আমি দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চেষ্টা করি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি চাই দর্শক চমকে যাক। আর চেষ্টা করি আগের চাইতে আরও ভালো অভিনয় করতে।’
‘কোড নেম তিরঙ্গা’ ছবির পোস্টারের প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘ছবির পোস্টারে নিশ্চয় দেখেছেন আমার হাতে বন্দুক। আর আমার শরীরে, মুখে আঘাতের চিহ্ন। এটা তো শুধু ঝলক মাত্র। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে, এই ছবিটা দেখার পর দর্শক আমাকে দেখে অবাক হবেন।’
ক্যারিয়ারের শুরুতে পরিণীতিকে সাদামাটা চরিত্রেই দেখা যেত বেশি। তবে এখন তার ছবি নির্বাচনের রুচি বদলেছে। গত কয়েক বছরে তাকে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সাইনা’, ‘সন্দ্বীপ অউর পিঙ্কি ফরার’-এর মতো ছবিতে দেখা গেছে।
এ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘এখন কনটেন্টভিত্তিক ছবিতে কাজ করতে আগ্রহী বেশি। গত কয়েক বছরে আমাকে ভিন্নধারার ছবিতে দেখেছেন। আমি এখন আরও নতুন নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘কোড নেম তিরঙ্গা’। ছবিতে পরিণীতিকে ‘র’এজেন্টের ভূমিকায় দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে হার্ডি সান্ধুর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন