সিনেমার কাজে ব্যস্ত রিপন খান

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০১:৩৫ এএম
সিনেমার কাজে ব্যস্ত রিপন খান

বাংলাদেশের সর্বাধিক জিঙ্গেলের (বিজ্ঞাপনে ব্যবহূত গান) সুরকার, সংগীত পরিচালক রিপন খান এ সময়ে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত। বেশ কয়েকটি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমার গান এবং ডাবিং, সাউন্ড অ্যাফেক্টের কাজ নিয়ে ব্যস্ত তিনি।

এরই মধ্যে যেসব সিনেমার কাজ তিনি শেষ করেছেন, সেগুলো হচ্ছে সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ও শহীদ রায়হানের ‘মনোলোক’।

এছাড়াও সাইফুল ইসলাম মান্নুর আরও একটি সিনেমার কাজ করছেন তিনি। যে সিনেমায় দুটি মৌলিক গানের সংগীত পরিচালনাও তিনিই করেছেন। একটি গানে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী। প্রয়াত চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলের ‘আধিয়ার’ সিনেমায় তিনি প্রথম সংগীত পরিচালক হিসেবে কাজ করেন।

এরপর আরও বেশ কয়েকটি সিনেমার কাজ করেন রিপন খান। জিঙ্গেলের পাশাপাশি বর্তমানে শিল্পীদের মৌলিক গান করানোতেই আরও অধিক মনোযোগী হয়ে উঠেছেন। ১৯৮৬ সালে রিপন খান প্রথম জিঙ্গেল করেন। জিঙ্গেলটি ছিল ‘দন্ত সংস্কার বড়ই চমৎকার’। রিপন খানের লেখা ও সুরে এতে কণ্ঠ দিয়েছিলেন ইফফাত আরা নার্গিস।

এরপর থেকে আজ অবধি দুই হাজারেরও বেশি জিঙ্গেল করেছেন রিপন খান। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘ওলে ওলে বাপ্পা’, ‘পরেছি কপালে টিপ আংটি অনামিকা’, ‘ওগো সুকন্যা-জানো কী তুমি জানো কী তুমি’  ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘এই মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি-অপরূপ সুন্দর লাগছে-এই মনের গভীরে যার ছবি আঁকা আছে-সেই সুন্দর চোখে ভাসছে’সহ বহু জিঙ্গেলের কারিগর তিনি।

এক জীবনে প্রাপ্তি কী? এমন প্রশ্নের জবাবে রিপন খান বলেন, ‘আসলে যে কাজটি ভালোবেসে করছি, সে কাজের জানি রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তারপরও এখন সংগীত পরিচালনার কাজটা বেশি করছি। জানি, সিনেমার সংগীত পরিচালনার কাজে রাষ্ট্রীয় স্বীকৃতি আছে। আমার বিশ্বাস আমি আমার কাজে শতভাগ সৎ আছি এবং একদিন না একদিন রাষ্ট্রীয় স্বীকৃতি মিলবে ইনআল্লাহ।

তবে যারা আমার সম্পর্কে আমার কাজ সম্পর্কে জানেন তারা আমাকে মূল্যায়ন করেন, ভালোবাসেন। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ভালোলাগার। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো রাখেঝন, সুস্থ রাখেন।’

রিপন খান জানান তার করা জিঙ্গেলে সবচেয়ে বেশি কণ্ঠ দিয়েছেন সুমনা হক, রেশাদ ও অণিমা ডি কস্টা। উল্লেখ্য রিপন খানেরই সন্তান এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হূদয় খান।