মুনমুনের ‘রাগী’ ২৮ প্রেক্ষাগৃহে

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০২:২৫ এএম
মুনমুনের ‘রাগী’ ২৮ প্রেক্ষাগৃহে

ঢালিউডে সুদিন বইছে। এই ধারা অব্যাহত রাখতে প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে একাধিক চলচ্চিত্র। গতকাল শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘রাগী’ সিনেমাটি। ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রাগী’। এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা মিজানুর রহমান মিজান।

মিজান বলেন, ‘দর্শকের উদ্দেশে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।’

এই ছবির মাধ্যমে নতুনরূপে পর্দায় ফিরেছেন অভিনেত্রী মুনমুন। দীর্ঘদিনের নায়িকার ইমেজ ভেঙে খলনায়িকা হয়ে ধরা দিয়েছেন চলচ্চিত্রটিতে।

মুনমুন বলেন, ‘এই ছবিটা দেখে সবাই অনেক মজা পাবে। পরিপূর্ণ বিনোদনমূলক ছবি এটা। যেমন কমেডি আছে, তেমনি ফাইট আছে, আবার একটা সামাজিক গল্পও আছে। অনেকদিন মানুষ ফাইট দেখে না, অ্যাকশন মুভি দেখে না; সে হিসেবে দর্শকের একটা রিফ্রেশমেন্ট হবে। আর আমার কাছে তো সব মিলে ছবিটা অসাধারণ মনে হয়েছে।’

অ্যাকশনধর্মী সিনেমা ‘রাগী’। এতে মুনমুন ছাড়াও অভিনয় করেছেন আচল ও আবীর চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎসহ আরও অনেকে।