দীর্ঘদিন পর চাঁদনী

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০১:০৫ এএম
দীর্ঘদিন পর চাঁদনী

অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী একটা সময় নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করতেন। বিভিন্ন কারণে মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন।

গত বছরের শেষের দিকে ‘অসমাপ্ত চা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১৬ সালে সর্বশেষ ‘হাউজওয়াইফ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন চাঁদনী।

দীর্ঘ ৬ বছর পর ‘ফ্যামিলি ডিসটেন্স’ শিরোনামে নতুন ধারাবাহিকে নাম লেখালেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন আকরাম খান। এর আগে বেশকিছু ধারাবাহিক নাটকে কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন চাঁদনী।

এবার ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে চাঁদনী বলেন, পরিবার নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। তাই অভিনয় করছি। এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নেই।

আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান। দেশের যত জনপ্রিয় বা দর্শকপ্রিয় নাটক আছে, সেগুলোর বেশিরভাগই পরিবারকেন্দ্রিক। নাটকটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন চাঁদনী।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদ আলী প্রমুখ। আগামী নভেম্বর থেকে সপ্তাহে তিন দিন বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।