স্বর্ণলতা, এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। ধারাবাহিক ও খণ্ডনাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। নবাগত অভিনেত্রীদের মধ্যে স্বর্ণলতা অন্যতম ব্যস্ততম অভিনেত্রী। যে কারণে বলা যায় মাসের অধিকাংশ সময়েই তাকে ঢাকা এবং ঢাকার বাইরে শুটিং করা নিয়ে ব্যস্ত থাকতে হয়।
তবে এবার একজন অভিনেত্রী হিসেবে কাজ করার পাশাপাশি তার কাঁধে নতুন দায়িত্ব এসে যুক্ত হয়েছে। একটি নতুন সংগঠন ‘সম্পূর্ণা বিডি’র সাথে সম্পৃক্ত হয়েছেন তিনি। এই সংগঠনে সহসভাপতি হিসেবে যুক্ত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি সংগঠনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
স্বর্ণলতা বলেন, ‘সম্পূর্ণা বিডি সমাজের পিছিয়েপড়া ছোট ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের নিয়ে সভা-সেমিনারের মাধ্যমে তাদের ব্যবসায়িক মেধা বিকাশে আমরা ভূমিকা রাখব বলে আশা করছি। এছাড়া নারী উদোক্তাদের খুব কম মূল্যে বিভিন্ন লোকেশনে মেলা করে পরিধি বৃদ্ধি করা।
সম্পূর্ণা বিডি থেকে আমাদের পরিকল্পনা আছে সারাদেশের ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে মেলা করার। এতে করে আমাদের সংগঠনের উদ্যোক্তারা সারাদেশের উদ্যোক্তাদের সাথে আন্তঃযোগাযোগ সম্পর্কের মাধ্যমে ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস। আর আমাকে এমন একটি সংগঠনের দায়িত্ব দেয়ায় সংগঠনের সভাপতি সুব্রত দে’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
স্বর্ণলতা জানান, সামনে তাদের নতুন পরিকল্পনা রয়েছে যাতে করে ক্রেতারা আমাদের সংগঠনের উদ্যোক্তাদের পণ্য অনলাইন এবং অফলাইনে একসাথে পেয়ে যান।
তিনি জানান, বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন কায়সার আহমেদের বকুলপুর সিজন-টু, শামস করিমের বউ দৌড়, পারভেজ আমিনের আগুন পাখি, রুমান রুনির আমাদের সঙ্গেই থাকুন, হিমু আকরামের শান্তি মলম ১০ টাকা, কায়সার আহমেদের ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকে নিগার চরিত্রে অভিনয় করে তিনি দারুণ সাড়া পাচ্ছেন।
উল্লেখ্য, সম্পূর্ণা বিডি প্রতিষ্ঠিত হয়েছে গত ১০ সেপ্টেম্বর। গতকাল সম্পূর্ণা বিডির ৫০ সদস্যকে লাইফ টাইম মেম্বার এবং ৪ নারী উদ্যোক্তাকে লাইফ টাইম ডোনার মেম্বার করা হয়। স্বর্ণলতা সিডি চয়েস, গোল্লাছুটসহ আরও বেশকটি প্রযোজনা প্রতিষ্ঠানের একক নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো প্রচারের অপেক্ষায় রয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন