পথেঘাটে চলতে-ফিরতে দর্শকের কাছ থেকে যখন একজন অভিনেতা অভিনয়ের জন্য সাড়া পান, তখন তিনি একটু একটু করে নিজের কাজের মাঝে তৃপ্তি খুঁজে পান। অভিনয়ের প্রতি প্রেম, ভালোবাসা, অধ্যবসায়, সর্বোপরি কাজের প্রতি একাগ্রতা তখন আরও বেড়ে যায়। নাটকের এ প্রজন্মের দর্শকপ্রিয় হয়ে ওঠা তানভীর মাসুদের ক্ষেত্রে যেন ঠিক তা-ই হয়েছে।
শুটিংয়ের বাইরে যে কোনো সময় পথ চলতে ভালোবেসে দর্শক কাছে এসে এখন সেলফি তোলেন আগ্রহ নিয়ে। একজন অভিনেতা হিসেবে এই প্রাপ্তিটুকু প্রশান্তির। গুণী নাট্যাভিনেতা, নির্মাতা নরেশ ভূঁইয়ার ‘ওয়ার্ড নাম্বার ৭৭’-এ অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে তার সম্পৃক্ততা।
এরপর বহুমাত্রিক চরিত্রে তানভীর মাসুদের দেখা মিলেছে প্রায় ১০০’রও ওপরে নাটকে। এ মুহূর্তে তানভীর মাসুদ অভিনীত যে চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে, সেটি হলো দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’র ফাটা বোরহান চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের জন্য তানভীর মাসুদ বেশ প্রশংসিত হচ্ছেন।
বর্তমানে তার অভিনীত বেশকিছু ধারাবাহিক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কায়সার আহমেদের ‘বকুলপুর সিজন টু’, পারভেজ আমিনের ‘আগুন পাখি’, রুমান রুনির ‘আমাদের সঙ্গেই থাকুন’, মজিবুল হক খোকনের ‘মহাজন’, কায়সার আহমেদ ও আল হাজেনের ‘গোলমাল’ ধারাবাহিক। নিয়মিত অভিনয়ে থাকা এবং অভিনয় নিয়ে স্বপ্ন প্রসঙ্গে তানভীর মাসুদ বলেন, ‘যেসব শ্রদ্ধাভাজন গুণী নাট্যনির্মাতাদের পরিচালনায় নাটকে অভিনয় করছি, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। কৃতজ্ঞতা রইল নাটকের প্রযোজকদের প্রতি আর সহশিল্পীদের প্রতি আন্তরিক ভালোবাসা।
কারণ, তাদের পূর্ণাঙ্গ সহযোগিতার কারণেই আমি নিজের অভিনয়কে বিকশিত করতে পারছি।’ আর আমার স্বপ্ন একজন ভার্সেটাইল অভিনেতা। যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার মতো অভিনেতা যেন হতে পারি, যেন দর্শকের মনে গেঁথে যেতে পারি একজন অভিনেতা হিসেবে।’ এরই মধ্যে তানভীর মাসুদ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলের পরিচালনায় তিনি ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করেছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন