প্রথমবারের মতো একসঙ্গে একই মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন নাটকের জনপ্রিয় তারকা জুটি নাদিয়া আহমেদ ও এফএস নাঈম। বিষয়টি নিশ্চিত করেছেন নাদিয়া আহমেদ। তিনি জানান, আগামীকাল ২৫ অক্টোবর র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা দুজন প্রথমবার একই মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন।
নাদিয়া আহমেদ বলেন, ‘বিষয়টি আমাদের দুজনের জন্যই ভীষণ আনন্দের এবং ভালো লাগার। কারণ এর আগে নানান কারণে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে মঞ্চে উঠেছি দুজন একসঙ্গে। তবে এবারই প্রথম দুজন একসঙ্গে মঞ্চে উঠব উপস্থাপনার জন্য। বিষয়টি আমাদের দুজনের কাছেই নতুন এবং ভালোলাগার।
আয়োজকদের ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেয়ার জন্য। আমার বিশ্বাস আমরা অনুষ্ঠানটিকে আমাদের উপস্থাপনার মধ্য দিয়ে আরও বর্ণিল করে তুলব। আরও ভালো লাগার বিষয় হচ্ছে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে আমাদেরই বন্ধু দেশের নন্দিত সংগীতশিল্পী কণা। তাই সময়টা দারুণ কাটবে আশা করছি।’
কিছুদিন আগেই নাট্যকার রিজওয়ান খান ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর কায়সার আহমেদ পরিচালিত নির্মাণ চলতি ধারাবাহিক নাটক ‘অন্দর মহল’-এর কাজ বলা যায় থেমেই গিয়েছিল। পরবর্তীতে আবারও কাজ শুরু হয়। তবে নাটকের নাম বদলে যায়। ‘অন্দর মহল’ হয়ে যায় ‘স্বপ্নের রানী’। এই ‘স্বপ্নের রানী’ কেন নাটকের নাম হলো— এর সাথে সংশ্লিষ্ট শিল্পীরা তেমন কেউই ব্যাখ্যা দিতে পারেননি। তবে অনেক শিল্পীর অভিমতে নাটকের নামকরণ করা হয়েছে নাদিয়ার চরিত্রকে কেন্দ্র করেই।
নাদিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে যে গল্পে অভিনয় করেছিলাম, রিজওয়ান ভাইয়ের মৃত্যুর পর গল্পের কী হয়েছে, তা আমার আসলেই জানা নেই। কারণ প্রত্যেকটি গল্পই আলাদা। যেমন আমি একটি অফিসে জব করার পাশাপাশি পার্টটাইম একটি চাকরিও করি। আমার অফিসের বস শাহেদ শরীফ খানও বিষয়টি অবগত থাকেন।
তো এমন গল্পে আসলে এগিয়ে গিয়েছিল অন্দর মহল। কিন্তু কেন এখন এর নামকরণ ‘স্বপ্নের রানী’ করা হলো, তা আমার জানা নেই। তবে নাটকের পরিচালক, প্রযোজক ও চ্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। নাটকটি প্রচারে আসুক। রিজওয়ান ভাইয়ের লেখা গল্প দর্শক আবার দেখুক। আমরাও উপভোগ করি।’
কিছুদিন আগে নাঈম অভিনীত ‘কারাগার’ ওয়েব সিরিজটি দারুণ সাড়া ফেলে। এতে ডিবি কর্মকর্তা আশফাক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। বলা যায় এটি ছিল নাঈমের অভিনয়ে নতুন করে জেগে ওঠা।
এদিকে গতকাল নাদিয়া ফায়ার ব্রিগেড আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বপ্রস্তুতিতে নাচ নিয়ে ব্যস্ত ছিলেন। আজ তিনি সকাল আহমেদের পরিচালনায় ‘পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। ২৮ অক্টোবর তিনি মানিকগঞ্জে কায়সার আহমেদের পরিচালনায় ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন