আনিকা কবির শখ, নাটকের নন্দিত অভিনেত্রী। বিরতির পর অভিনয়ে ফিরে নতুন করে যেন নিজের মাঝে প্রাণ ফিরে পেয়েছেন। একমাত্র কন্যাসন্তান আলিফকে সঙ্গে নিয়েই যেন শুটিংয়ে কাজ করছেন তিনি। মাও তাকে ভীষণ সহযোগিতা করছেন। সর্বশেষ জহির খানের পরিচালনায় সজলের বিপরীতে একটি নাটকে অভিনয় করেন তিনি, যা চ্যানেল আইতে প্রচার হয়। শখ অভিনয়ে আরও নিয়মিত হতে চান।
তিনি জানান, আগামী কিছুদিন পর আরও বেশ কয়েকটি নতুন নাটকে তিনি অভিনয় করতে যাচ্ছেন। এ ক’টা দিন তিনি নিজেকে নিয়েই একটু ব্যস্ত থাকবেন। কারণ আজ ২৫ অক্টোবর তার জন্মদিন।
জন্মদিন উপলক্ষে কখনোই শখের নিজের কোনো প্ল্যান থাকে না। তবে কীভাবে কাটে জন্মদিন? এমন প্রশ্নের জবাবে শখ বলেন, ‘সত্যি বলতে আমার জন্মদিন নিয়ে আমার কোনো প্ল্যান থাকে না কখনো। কিন্তু আব্বু-আম্মুর বিশেষ বিশেষ পরিকল্পনা থাকে। আমি তাতে অংশ নিই। আবার এখন আমার স্বামীও বিশেষ পরিকল্পনা করে থাকেন। সেটাও আমার ভীষণ ভালো লাগে।
এখন তো আলিফই আমার দুনিয়া। তাকে ঘিরেই আমার যত স্বপ্ন, ভালো লাগা। এবারের জন্মদিনটা কেন যেন মনে হচ্ছে অনেক বেশি আনন্দের হবে, ভালো লাগার হবে। সবার দোয়া ভাই আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আরেকটি কথা না বললেই নয়, এই বিশেষ দিনে আমি পবিত্র কুরআন খতম দেয়ানোর চেষ্টা করি এবং এতিমখানায় খাবার দেয়ার চেষ্টা করি।’
এরই মধ্যে বিগত কিছুদিন নাটকের কাজ নিয়ে ব্যস্ত না থাকলেও শখের সময় কেটেছে নাচ নিয়ে। চ্যানেল আই, এটিএন বাংলা এবং বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
এছাড়া দুর্গাপূজার বিশেষ বিশেষ অনুষ্ঠানেও নাচে অংশগ্রহণ করেছেন তিনি। শখ জানান, নাচের প্রতি তার প্রবল আগ্রহ ছোটবেলা থেকেই। তাই নাচের কোনো অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব এলে অন্য সব কাজের চেয়ে এর প্রতিই গুরুত্ব দেন তিনি বেশি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন