সুমনা হক বাংলাদেশের জিঙ্গেল কুইন। এ কথা মিডিয়ায় যারা আগে নিয়মিত কাজ করেন এবং এখনো করছেন, তারা সবাই কম-বেশি জানেন। তবে ‘জিঙ্গেল কুইন’ হিসেবে কখনো স্বীকৃতি মেলেনি এই গুণী সংগীতশিল্পী ও জিঙ্গেল কন্যার।
বাংলাদেশের শত শত বিজ্ঞাপনের জিঙ্গেলে (বিজ্ঞাপনের ব্যবহূত গান) সুমনা হক কণ্ঠ দিয়ে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘জিঙ্গেল কুইন’। তবে এই জিঙ্গেল কুইন বর্তমানে অনেকটা আড়ালে থাকতেই পছন্দ করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দুটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে।
গত ১৮ অক্টোবর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর এরই মধ্যে দেশ টিভির লোগো পরিবর্তন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন তিনি। সেখানেই তাকে ‘জিঙ্গেল কুইন’ হিসেবে স্বীকৃতিসহ ‘আজীবন সম্মাননা’তেও ভূষিত করা হয়। দেশ টিভি পরিবার থেকে সুমনা হকের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
সুমনা হক বলেন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আসলে বলা যায়, এটা আমার জন্য একটা রিইউনিয়নের মতো ছিল। সবার সঙ্গে দীর্ঘদিন দেখা নেই, কথাও হয় না। আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবেন, তা তিনিই ভালো জানেন। তাই ইচ্ছে হলো যে মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত হই। সেখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। কতজনের সঙ্গে কতশত স্মৃতি।
সবার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, ছবিও তুলেছে অনেকে। সময়টা এক কথায় দারুণ উপভোগ্য ছিল আমার কাছে। আর দেশ টিভি আয়োজিত নতুন লোগো উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে সম্মানিত করায় সত্যিই পুলকিত, আনন্দিত। দেশ টিভি পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
সুমনা হক জানান, দুই হাজারেরও বেশি জিঙ্গেলে তিনি কণ্ঠ দিয়েছেন। তার কণ্ঠের ‘মায়াবী এ রাতে’ গানটি সর্বাধিক জনপ্রিয় গান। সুমনা হক একজন চিত্রশিল্পীও বটে। বর্তমানে তিনি তার পরবর্তী চিত্রপ্রদর্শনীর কাজ নিয়ে ব্যস্ত আছেন। ৯০ দশকের পুরোটা সময়ই ছিল জিঙ্গেল তার দখলে।
তারপরও বিংশ শতাব্দীর শুরুতেও ছিলো সেই ব্যস্ততা। মৌসুমী’র সুন্দরী প্রিন্ট শাড়ির ‘প্রিয় প্রিয় প্রিয়-সুন্দরী প্রিন্ট শাড়ি’-এই একটি বিজ্ঞাপনের জিঙ্গেলই তাকে মনে করিয়ে দেয় খুউব সহজে।
এছাড়াও মেরিলের ‘সোনা জাদু মনিরে’,‘ অনুভবে তুমি আমার’, ‘আহা হা পাকিজা’, ‘পরেছি কপালে টিপ চোখে কাজল’, ‘রিনিক ঝিণিক খুশির ঝিলিক ছড়ালো ফ্রেশ জেল’, ‘রঙ্গে রঙ্গে কারুকাজে পথ চাওয়া ভীরু লাজে করেছিগো নন্দিনিয়া-নন্দিনী প্রিন্ট শাড়ি’ , ‘তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ কোন, সৌরভে অনুভবে তুমি, তুমি আছো তাই প্রতিদিন পূর্ণতা পাই’ এমন বহু জিঙ্গেলে সুমনার মিষ্টি কণ্ঠ আজও দর্শককে মুগ্ধ করে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন